চট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী নবীনগরে উদ্ধার
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার পাঁচ দিন পর এক ব্যবসায়ীকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে উদ্ধার করেছে র্যা ব। গতকাল বুধবার উপজেলার বড়িকান্দি গ্রামের গনি শাহ মাজার এলাকার একটি বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম গোলাম সারওয়ার হোসেন ওরফে বিপ্লব (৩৮)। তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।
র্যা ব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি সকালে গোলাম সারওয়ারকে ব্যবসার কথা বলে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের কাঠমিস্ত্রি নুরুল ইসলামের বাড়িতে আটকে রাখে অপহরণকারীরা। খবর পেয়ে গতকাল ভোর ছয়টার দিকে র্যা ব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করেন।