
বানের জলে ভেসে আসা বুনো হাতি ‘বঙ্গ বাহাদুর’ গতকাল সোমবার অসুস্থ হয়ে কাদাপানিতে পড়ে গেছে। এদিকে বঙ্গ বাহাদুরকে উদ্ধারের জন্য গাজীপুরের বদলে চট্টগ্রামের কাপ্তাই থেকে দুটি বড় হাতি আনা হচ্ছে।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক বলেছেন, বঙ্গ বাহাদুরের জীবন ঝুঁকিতে রয়েছে। হাতিটিকে দ্রুত সরিয়ে নিতে হবে।
ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামে গত রোববার বঙ্গ বাহাদুরকে চেতনানাশক ওষুধ দিয়ে দ্বিতীয় দফায় অচেতন করা হয়। এরপর এর চার পায়ে শিকল ও ডান্ডাবেড়ি দেওয়া হয়। পরে দড়ি দিয়ে কয়ড়া গ্রামের খোলা মাঠে কাদাপানিতে বেঁধে রাখা হয়।
হাতিটি গতকাল বেলা সাড়ে ১১টায় অসুস্থ হয়ে কাদাপানিতে পড়ে যায়। খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়ায় হাতিকে স্যালাইন দেওয়া হচ্ছে। হাতিটি অসুস্থ হয়ে পড়ার পর কাদাপানির ওপরে ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার পানি।
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান এবং গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন চৌধুরী বঙ্গ বাহাদুরকে চিকিৎসা দিচ্ছেন। হাতিটিকে উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে।
হাতি উদ্ধারে গাজীপুর থেকে যে তিনটি হাতি আসার কথা ছিল তা আসেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, হাতি তিনটি বঙ্গ বাহাদুরের চেয়ে ছোট হওয়ায় সেগুলোকে আনা হবে না। ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক অসিত রঞ্জন পাল বলেন, গাজীপুরের বদলে চট্টগ্রামের কাপ্তাই থেকে দুটি বড় হাতি আনা হচ্ছে। উদ্ধারকারী হাতি দুটি আজ মঙ্গলবার সকালে সরিষাবাড়ীতে পৌঁছাবে।
হাতিটি গত ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে এ দেশে আসে। পরে ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে।