চট্টগ্রাম থেকে কক্সবাজারের তিন কিশোর উদ্ধার
কক্সবাজার থেকে ফুসলিয়ে নিয়ে আসা তিন কিশোরকে গতকাল বুধবার উদ্ধার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। নগরের রাইফেল ক্লাবের সামনে বিকেলে তারা কান্নাকাটি করতে থাকলে পুলিশের এক হাবিলদার তাদের উদ্ধার করে থানা হেফাজতে পাঠান।তিন কিশোর হলো: সুমন (১১), রাজু (১১) ও নাঈম (৮)। তাদের সবার বাড়ি কক্সবাজার এলাকায় বলে পুলিশকে জানিয়েছে। এক যুবক তাদের চাকরি দেওয়ার কথা বলে নিয়ে এসেছে বলে তারা জানায়। তবে যুবকটিকে আটক করা সম্ভব হয়নি। তিন কিশোর ওই যুবকের নামও জানে না। পুলিশ সূত্রে জানা গেছে, তিন কিশোরকে নিয়ে অজ্ঞাত ওই যুবক দুপুরের দিকে চট্টগ্রাম পৌঁছে। তাদের নগরের রাইফেল ক্লাবের সামনে অপেক্ষা করতে বলে যুবকটি চলে যায়। এরপর দুই ঘণ্টায়ও সে না ফিরলে তারা কান্নাকাটি শুরু করে। ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ মাহমুদ বলেন, তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য কক্সবাজার থানায় সংবাদ পাঠানো হয়েছে।