চট্টগ্রাম থেকে ক্যাম্পাস গুটিয়ে নিয়েছে সাফস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফস এডুকেশন গ্রুপ কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাদের চট্টগ্রাম ক্যাম্পাস গুটিয়ে নিয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ ক্যাম্পাস গুটিয়ে নেওয়ায় তাঁদের শিক্ষাজীবনে বিপর্যয় নেমে এসেছে।সূত্র জানায়, ২০০৭ সালে চট্টগ্রামের ওআর নিজাম রোডের ৭ নম্বর সড়কে সাফসের কার্যক্রম শুরু হয়। এটি লন্ডনভিত্তিক এসিসিএ বোর্ড (অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস) অনুমোদিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান (টিউশন প্রোভাইডার)। তারা নির্দিষ্ট ফির বিনিময়ে শিক্ষার্থীদের পাঠদান করায়। পরীক্ষা হয় ব্রিটিশ কাউন্সিলে, অনলাইনে। পরীক্ষার ফলাফল ও সনদ পাঠিয়ে দেওয়া হয় সেখানে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার উত্তরা ও ধানমন্ডিতে সাফস এডুকেশন গ্রুপের দুটি ক্যাম্পাস রয়েছে। চট্টগ্রাম ক্যাম্পাসে এসিসিএ, এফআইএ (ফাউন্ডেশন ইন অ্যাকাউন্ট্যান্সি), সিএটি (সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনোলজি) ও এইচএনডি (হায়ার ন্যাশনাল ডিপ্লোমা) ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিষয়ে প্রায় ৭০ জন শিক্ষার্থী পড়াশোনা করতেন। শিক্ষক ছিলেন তিনজন।শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গত ২২ জুন চট্টগ্রাম ক্যাম্পাস গুটিয়ে নেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী কাউকে কিছু বুঝতে দেয়নি প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানের শিক্ষক সমীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শিক্ষক-শিক্ষার্থী কেউই ঘুণাক্ষরেও জানতে পারেননি। ২১ জুনও আমরা ক্লাস নিয়েছি। সেদিনও কর্তৃপক্ষ এ ব্যাপারে কিছু বলেনি।’ এফআইএর শিক্ষার্থী ইমতানান খান বলেন, ‘গত ২৩ জুন শনিবার সকালে ক্লাস করতে এসে দেখি এখানে কেউ নেই। এমনকি প্রতিষ্ঠানের নামফলকটিও সরিয়ে নেওয়া হয়েছে।’সমীর চৌধুরী বলেন, শিক্ষকেরা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওনা টাকা বুঝে পাননি। তিনি বলেন, ক্যাম্পাস গুটিয়ে নেওয়ায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের প্রচুর অর্থ ও সময়ের অপচয় হয়েছে। এফআইএর শিক্ষার্থী মোস্তানি মোরশেদ বলেন, ‘ছয় মাস ক্লাস করেছি। এর মধ্যে হঠাৎ আমাদের পথে বসিয়ে দিয়ে তারা চলে গেল। এখন আমাদের ভবিষ্যৎ কী হবে, কোথায় যাব আমরা?’এইচএনডির শিক্ষার্থী ফজলুল ওয়াহিদের অভিযোগ, ‘আমাদের অনেকগুলো ক্লাস বাদ গেছে। পরে তা পুষিয়ে দেওয়ার কথা বলা হলেও তা আর হয়নি।’এফআইএর শিক্ষার্থী সম্রাট পাল বলেন, তাঁদের কাছ থেকে শুধু অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হতো। কোনো পরীক্ষা নেওয়া হয়নি।এ ব্যাপারে জানতে সাফস এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ আহমেদ ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।