চট্টগ্রাম থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ‘চ্যানেল আর এ’ নামের প্রোডাকশন হাউস। গতকাল বুধবার বিকেলে নগরের আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ খুরশিদ আনোয়ার।
চলচ্চিত্রটিতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ফেরদৌস আহমেদ। নায়িকা ও সহশিল্পীদের চট্টগ্রাম থেকে বাছাই করা হবে। চলচ্চিত্রটি নির্মাণের জন্য প্রাথমিক কাজ গুছিয়ে আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ফ্যাশন ডিজাইনার শিমুল খালেদ, চট্টগ্রামভিত্তিক চ্যানেল আর এ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার, চিত্রনাট্যকার রফিকুল আনোয়ার প্রমুখ। সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ফেরদৌস বলেন, চলচ্চিত্রটির নাম হবে চট্টল এক্সপ্রেস। এই চলচ্চিত্র নির্মাণ হলে ঢাকার বাইরে চলচ্চিত্র নির্মাণের বড় উদাহরণ হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে নির্মাতা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ রায়হান আনোয়ার বলেন, চলচ্চিত্রটির শুটিং হবে বৃহত্তর চট্টগ্রামে। চট্টগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থান ও দর্শনীয় এলাকায় এই চলচ্চিত্রের শুটিং হবে। চলচ্চিত্রের নানা চরিত্রে চট্টগ্রামের শিল্পীদের সম্পৃক্ততা বেশি থাকবে।