চট্টগ্রাম থেকে জেদ্দা সরাসরি হজ ফ্লাইট চালু
আন্দোলন-সংগ্রামের পর চট্টগ্রাম থেকে জেদ্দায় সরাসরি হজ ফ্লাইট চালু হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান।এ সময় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ (আটাব) ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান সূত্রে জানা যায়, রোববার রাতে ৩১২ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-০৩৫। হজ পালনের জন্য বিমানে চট্টগ্রাম থেকে প্রায় ১০ হাজার যাত্রীর জেদ্দা যাওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ বিমানের আটটি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম থেকে হজযাত্রীদের জেদ্দা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।’উল্লেখ্য, চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট চালুর দাবিতে আটাব চট্টগ্রাম অঞ্চলের নেতারা গত ১৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন। ১৯ সেপ্টেম্বর আটাব ও হাব চট্টগ্রাম অঞ্চলের নেতারা একই দাবিতে নগরের ষোলশহর এলাকায় বিমানের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন। সেখানে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি প্রকাশ করেন। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালুর আশ্বাস দিলে ওই দিন কর্মসূচি স্থগিত করা হয়।