চট্টগ্রাম থেকে জেদ্দায় সরাসরি হজ ফ্লাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে হজযাত্রী নিয়ে উড়ল বাংলাদেশ বিমানের একটি বিশেষ হজ ফ্লাইট।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম-জেদ্দা হজ ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
উদ্বোধনের পর বেলা ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭। এতে হজযাত্রী ছিলেন ৪১৯ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের সাতটি বিশেষ ফ্লাইট এবার প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাঁচ হাজার হজযাত্রী নিয়ে সৌদি আরব যাবে। হজ শেষে এসব ফ্লাইটে সরাসরি চট্টগ্রাম ফিরে আসতে পারবেন হজযাত্রীরা। বছরের শুরুতে ঢাকায় হজযাত্রী পরিবহনে সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে হজযাত্রী পরিবহনের জন্য বিমান ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না। কারণ, আগামী বছর বিমানের বহরে দুটি বোয়িং ৭৭৭ যুক্ত হবে।