চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে ২০ দিন!
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ পণ্যাগার—আইসিডিতে পাঠানোর জন্য গত ১৯ জুলাই দুপুরে ট্রেনে কনটেইনার বোঝাই করা হচ্ছিল। এসব কনটেইনার জাহাজ থেকে নামিয়ে বন্দর জেটিতে রাখা হয় গত ৩০ জুন। নিয়ম অনুযায়ী ঢাকামুখী কনটেইনার জাহাজ থেকে নামার দিনই ট্রেনে তুলে আইসিডির উদ্দেশে পাঠানোর কথা। অথচ প্রায় ২০ দিন পর এসব কনটেইনার যাচ্ছে ঢাকায়। এভাবে চলতে থাকলে পবিত্র রমজান মাসে সারা দেশে খাদ্য সরবরাহ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর, রেলওয়ে ও আইসিডি পরিচালনাকারী বেসরকারি সংস্থা গ্যাটকো জানায়, তিন কারণে কনটেইনার পরিবহনে সময় লাগছে বেশি। আইসিডিগামী কনটেইনার আসার হার বাড়া, রেলওয়ে সময়মতো ট্রেন দিতে না পারা এবং রেলওয়ের ওয়াগনে কনটেইনার বোঝাই ও খালাসে অতিরিক্ত সময় ব্যয়। চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, গতকাল বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্দর জেটি থেকে ঢাকায় কনটেইনার পরিবহন করা হয় ৭৫ ইউনিট, আগের দিন ৯৬ ইউনিট। সাধারণভাবে রেলওয়ের ওয়াগনে গড়ে ১২০ ইউনিট কনটেইনার পরিবহন করার কথা। বন্দর জেটিতে এখন ঢাকার আইসিডিগামী কনটেইনার আছে প্রায় এক হাজার ৩০০ ইউনিট। এসব কনটেইনার এক থেকে ২০ দিন পর্যন্ত বন্দরে পড়ে আছে।বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই মাস ধরে আইসিডিগামী কনটেইনার পরিবহনে ২০ দিন থেকে এক মাস সময় লাগছে। এ সময় চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরে জাহাজে করে অন্তত পাঁচ থেকে ছয়বার এসব কনটেইনার পরিবহন করা যায়। তিনি বলেন, পরিবহনে বিলম্ব হওয়ায় রমজান মাস উপলক্ষে ঢাকার যেসব আমদানিকারক কনটেইনারে ভোগ্যপণ্য আমদানি করছেন, সেগুলো রমজানে ব্যবহার করা সম্ভব নাও হতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, পণ্য খালাস ও পরিবহনে বেশি সময় লাগায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে ঢাকা ও আশপাশের এলাকার আমদানিকারকদের আনা নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সময়মতো পৌঁছানোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকেরাও পড়েছেন সংকটে।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী জানান, আইসিডিগামী কনটেইনার পরিবহনে সময় বেশি লাগায় ঢাকা ও আশপাশের এলাকার পোশাকশিল্পের মালিকেরা ক্ষতির মুখে পড়ছেন। অনেকে বাধ্য হয়ে রেলের বদলে সড়কে কনটেইনার নিচ্ছেন ঢাকায়। এতে খরচ বেড়ে যাচ্ছে।বন্দর ও রেলওয়ের কর্মকর্তারা জানান, বন্দরে আইসিডিগামী একটি ট্রেনে কনটেইনার ওঠানো-নামানোয় স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ বেশি সময় লাগছে। আইসিডি পরিচালনাকারী গ্যাটকোর যন্ত্রপাতি স্বল্পতার কারণে এ সমস্যা হচ্ছে। এতে ট্রেনের সময়সূচিতেও ব্যাঘাত ঘটছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল বলেন, গ্যাটকোর যন্ত্রপাতি সমস্যার কারণে অনেক সময় একটি ট্রেনে কনটেইনার ওঠানো-নামানোয় ১২ ঘণ্টাও লাগছে। পাশাপাশি রেলের ইঞ্জিন ও চালকের সংকট থাকায় কনটেইনার পরিবহনে ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না। তবে গ্যাটকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ দাবি করেন, বন্দরের ইয়ার্ডে ট্রেনে কনটেইনার ওঠানো-নামানোয় খুব বেশি হলে ছয় ঘণ্টা সময় লাগছে। তবে তিনি স্বীকার করেন, অনেক সময় যন্ত্রপাতি অচল থাকলে কনটেইনার ওঠানো-নামানোয় সমস্যা হয়। রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন চালকের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৮২ জন। একইভাবে ৮৭টি ইঞ্জিনের বিপরীতে পাওয়া যাচ্ছে ৫৫-৬০টি। কম লোকবল ও ইঞ্জিন দিয়ে যাত্রী পরিবহন, কনটেইনার পরিবহন সামাল দিতে হচ্ছে। প্রতিদিন দুটি ট্রেনে গড়ে ১২০ ইউনিট কনটেইনার পরিবহন করা যায়। এসব ট্রেন মাঝেমধ্যে বিগড়ে গেলে সমস্যা হয়। বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন জানান, তিন মাসে আইসিডিগামী কনটেইনারের হার বেড়েছে ৪০ শতাংশ। যে হারে কনটেইনার আসছে, সেই হারে পরিবহন না হওয়ায় এ-সংকট তৈরি হয়েছে।