চট্টগ্রাম থেকে নমুনা পাঠানো হয় ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন স্নাতকের ছাত্র দীপ্ত নাথ। গত সেপ্টেম্বরের শেষের দিকে তাঁর ব্লাড ক্যানসার শনাক্ত হয়। ৬ অক্টোবর তাঁকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর ক্যানসারের প্রকৃতি নির্ণয়ের জন্য বোনম্যারোর (অস্থিমজ্জা) বিশেষ কিছু পরীক্ষার প্রয়োজন হয়। কিন্তু চট্টগ্রামে সেসব পরীক্ষার ব্যবস্থা না থাকায় তাঁর অস্থিমজ্জার নমুনা পাঠাতে হয়েছে ভারতের নয়াদিল্লির একটি রোগনির্ণয়কেন্দ্রে।
চট্টগ্রামে অস্থিমজ্জার বিশেষ কিছু পরীক্ষার ব্যবস্থা না থাকায় প্রতি মাসে চট্টগ্রাম থেকে ২০-৩০ জন রোগীর নমুনা ভারতের বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়।
দীপ্তর স্বজনেরা বলেন, নয়াদিল্লির ড. লাল প্যাথ ল্যাব নামের একটি রোগনির্ণয়কেন্দ্রের নমুনা সংগ্রহ কেন্দ্র আছে চট্টগ্রামে। ওই কেন্দ্রের মাধ্যমে তাঁরা ভারতে নমুনা পাঠান। ভারত থেকে পরীক্ষার রিপোর্ট আসে এক সপ্তাহ পর। দেরিতে প্রতিবেদন পাওয়ায় দীপ্তর চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায়।
দীপ্ত নাথের বাবা প্রদীপ নাথ বলেন, ‘পরীক্ষার রিপোর্ট আসতে সময় বেশি লেগেছে। এ ছাড়া টাকাও অনেক বেশি খরচ হয়েছে। এখানে সব পরীক্ষার ব্যবস্থা থাকলে ভালো হতো।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগে চিকিৎসাধীন ফাইরুজ শেরিন নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মা বলেন, ‘অস্থিমজ্জার একটি পরীক্ষা আমরা এখানে করিয়েছি। কিন্তু আরও কিছু পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হয়েছে ভারতের একটি ল্যাবে। যদি এসব পরীক্ষা এখানে হতো তাহলে আমাদের অর্থ ও সময়ের অপচয় হতো না।’
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও ঢাকার দু-একটি বেসরকারি হাসপাতালে অস্থিমজ্জার বিশেষ কিছু পরীক্ষা হয়। তবে সব পরীক্ষা হয় না। আর ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষাগুলোর খরচ ভারতের চেয়েও বেশি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় রিপোর্ট পেতে সময় বেশি লেগে যায়। খরচ ও সময়সহ বিভিন্ন দিক বিবেচনা করে রোগীর অভিভাবকেরা ভারতে পরীক্ষাকে গুরুত্ব দেন।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে সব পরীক্ষার সুযোগ না থাকায় রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না।
জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ‘সব পরীক্ষা একসঙ্গে করানোর জন্য রোগীরা দেশের বাইরের ল্যাবকে গুরুত্ব দিয়ে থাকে।’ তিনি বলেন, চট্টগ্রামে সব পরীক্ষার ব্যবস্থা না থাকায় চিকিৎসা শুরু করতে মাঝে-মধ্যে বিলম্ব হয়ে যায়।
ড. লাল প্যাথ ল্যাবের চট্টগ্রামের নমুনা সংগ্রহ কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম জহির হোসাইন বলেন, ‘আমাদের এখান থেকে কিছু নমুনা ভারতে পাঠাই। মাসে ১৫ থেকে ২০টি নমুনা বাইরে যায়।’
ভারতে অস্থিমজ্জার পরীক্ষার জন্য ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। চট্টগ্রামে সব পরীক্ষার যন্ত্রপাতি থাকলে খরচ অনেক কম পড়ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।