চট্টগ্রাম থেকে নয় মাসে ৩৩ হাজার টন মাছ রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ পর্যন্ত গত নয় মাসে চট্টগ্রাম থেকে ৩৩ হাজার ১৩৮ টন বিভিন্ন মাছ বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানা গেছে। এর বিপরীতে ১৬ হাজার ৪৮৯ টন মাছ আমদানি করা হয়েছে বলে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর, চট্টগ্রাম দাবি করেছে। গতকাল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি করা হয়। গতকাল মুরাদপুর দপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এই সভা হয়। সভায় উপপরিচালক প্রভাতী দেব, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা সুধীর চ্যাটার্জি, সহকারী পরিচালক অধীর চন্দ্র দাশ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় মৎস্য চাষে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য মৎস্য অধিদপ্তর ঋণ কার্যক্রম, পোনা সরবরাহ, হালদা মৎস্য প্রজনন ক্ষেত্রের মান উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয়। প্রভাতী দেব বলেন, মান নিয়ন্ত্রণের জন্য এখন বিভিন্ন বাজার ও মৎস্য অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। অনেক বিক্রেতাকে ফরমালিন ব্যবহারের জন্য জরিমানাও করা হয়েছে বলে তিনি জানান।