চট্টগ্রাম থেকে বিমানের প্রথম হজ ফ্লাইটের জেদ্দা রওনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ৪১৩ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হজযাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর আগে হজ ফ্লাইটটি ঢাকা থেকে মন্ত্রীকে নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ প্রমুখ।
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন হাজিদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে। সরকার চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহনে বিভিন্ন অনিশ্চয়তা নিরসনে সচেষ্ট রয়েছে।
মন্ত্রী জানান, সৌদি আরব ও বাংলাদেশ বিমানের মাধ্যমে এ পর্যন্ত ২০ হাজার ৫৯৬ জন হযযাত্রী পরিবহন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মো. হেদায়েত প্রথম আলোকে বলেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম থেকে বিমানের আরও আটটি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে।