চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু
চার শতাধিক হজযাত্রী নিয়ে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ছেড়েছে হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটটি পৌনে ১২টায় সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১০৪১ ফ্লাইটটি এই মৌসুমে চট্টগ্রাম থেকে এবার প্রথম হজযাত্রী নিয়ে যাচ্ছে। ফ্লাইট ছাড়ার আগে বিমানমন্ত্রী যাত্রীদের উদ্দেশে কথা বলেন। যাত্রার আগে হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করে মোনাজাত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রামের মহাব্যবস্থাপক ইমরুল কায়েস প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট এটি। মন্ত্রী এই ফ্লাইটের উদ্বোধন করেন। ফ্লাইটে ৪১৯ জন যাত্রী রয়েছেন। এবার মোট ১৫টি হজ ফ্লাইট চট্টগ্রাম থেকে সৌদি আরবে যাবে; এর মধ্যে মধ্যে ১৩টি জেদ্দা ও দুটি মদিনায়।
হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্দোলনের ফলে এবার হজ ফ্লাইট সাতটি বাড়ানো হয়েছে। এতে আমরা খুশি। আরও বাড়ানোর দাবি জানাচ্ছি।’
চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরব যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ২৪ জুলাই ঢাকা থেকে বাংলাদেশ বিমান হজযাত্রী পরিবহন শুরু করে। বাংলাদেশ বিমান মোট ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকিরা যাবেন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে।