চট্টগ্রামে চারদলীয় জোটের নেতারা বলেছেন, সরকার পতনের আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু হবে। এ সরকার যেভাবে সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা তুলে দিয়েছে, সেভাবে জনগণও তাদের ওপর থেকে আস্থা তুলে নিয়েছে।গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে নগর বিএনপির ইফতার মাহফিলে চারদলীয় জোটের নেতারা এসব কথা বলেন। তবে কবে থেকে এ আন্দোলন শুরু হবে, এর দিনক্ষণ ঘোষণা করা হয়নি।চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন চট্টগ্রাম নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী, নগর জাতীয় পার্টির একাংশের সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহজাহান চৌধুরী প্রমুখ।সমাবেশে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ কি আগামীতে দেশে থাকবে নাকি ভারতে পালিয়ে যাবে, দেশের মানুষ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ সরকার দুর্বৃত্তদের সরকার। আগামীতে চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন আন্দোলন শুরু হবে।’সাকা চৌধুরীর স্ত্রী ফারহাদ কাদের চৌধুরী বলেন, ‘আগামীতে নয়, আজ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। আপনারা মন্জুর আলমকে যেভাবে চট্টগ্রামের মেয়র নির্বাচিত করেছেন, তেমনি ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।’ইফতার মাহফিলের আলোচনা সভা শুরুর আগে চেয়ারে বসা নিয়ে বিএনপির নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়লেও পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।