চট্টগ্রাম থেকেও হরতাল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব শাইখ নূরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সারা দেশে অর্ধদিবস হরতাল কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্রসেনা। রাজধানী ঢাকায় একই কর্মসূচি ঘোষণার আধা ঘণ্টা পর গতকাল বেলা সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামালউদ্দিন রব্বানী হরতাল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু দুষ্কৃতকারী ইসলামী ছাত্রসেনার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট বা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেউ জড়িত নয়।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রথমে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে ওই দিন দুপুরের দিকে আরেকটি ঘোষণায় গতকাল শনিবার ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। দাবি পূরণ না হওয়ায় ইসলামী ছাত্রসেনা হরতাল ডাকতে বাধ্য হয়।
হরতাল কর্মসূচিতে চট্টগ্রাম নগর ও জেলার শতাধিক মোড়ে ইসলামী ছাত্রসেনার নেতা-কর্মীরা জড়ো হয়ে পিকেটিং করবেন বলে ঘোষণা দেওয়া হয়।