চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রতিযোগিতা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩’-এর চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতা আজ বুধবার সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে। অনুষ্ঠান ব্যবস্থাপনায় আছে প্রথম আলো বন্ধুসভা, চট্টগ্রাম ও এবিসি রেডিও।

‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে গত সোমবার কুষ্টিয়া থেকে শুরু হয় দেশব্যাপী পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। গতকাল মঙ্গলবার ছিল চট্টগ্রাম উত্তর অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতা। জেলা পর্যায়ে উত্সব শেষে বিজয়ীদের নিয়ে শুরু হবে জাতীয় উৎসব।

এর আগে আজ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বিতর্ক প্রতিযোগিতা। জাতীয় সংগীতের মাধ্যমে এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ‘প্রথম আলো’র যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ‘প্রথম আলো’র যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান ও চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে বিতর্কচর্চা পথনির্দেশকের ভূমিকা পালন করে। প্রতিপক্ষের দুর্বল বিষয়গুলো ধরে এগোনোর মাধ্যমে বিতার্কিকেরা একটি নতুন সত্যের সন্ধান পান। যুক্তিতর্কের মাধ্যমে তরুণসমাজ সেসব সত্যকে তুলে ধরে আমাদের সমাজকে বদলে দেবে, এগিয়ে নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’ 

মুনির হাসান বলেন, ‘বিতার্কিকেরা আলোকিত সমাজ, দেশ গড়তে পারে। যুক্তিটা হলো তাদের মূল হাতিয়ার। সেটা তাদের নিজস্ব প্রতিভা বিকাশের জন্য এবং নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘পাঠ্যবইয়ের বাইরের বিষয়গুলোর রাজা হচ্ছে বিতর্ক। যারা বিতর্ক করে, তারা কখনো হারে না।’

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। আজকের আয়োজনে চট্টগ্রামের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। বিদ্যালয়গুলো হলো বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, মেরন সান স্কুল, কলকাকলী স্কুল এবং ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ।