চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উৎসব
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কার্যকরী সভাপতি ও গণ-ঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৪১ বছর পর স্বাধীনতাবিরোধী শক্তি এ দেশকে আবারও পাকিস্তানি ধারায় ফেরার জন্য হুংকার দিচ্ছে।গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গৌরবের ৬০ বছর পূতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে উৎসব কমিটির সভাপতি হরিসাধন দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এম আকাশ, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কমরেড মোহামঞ্চদ শাহ আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বৃহত্তর চট্টগ্রাম জেলার সাবেক সাধারণ সম্পাদক মোহামঞ্চদ মুছা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শুভ, শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সুজন বিশ্বাস প্রমুখ। সাবেক ছাত্রনেতা শ্যামল দের পরিচালনায় শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন সাবেক ছাত্রনেতা শওকত আলী। এম এম আকাশ বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা সংবিধানে নিষেধ আছে। তাই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা কোনো অগণতান্ত্রিক নয়। আবুল মোমেন বলেন, একসময় ছাত্ররাজনীতির গৌরবময় ইতিহাস জাতীয় রাজনীতিতে বিশাল ভূমিকা ছিল। বর্তমানে দুর্বৃত্তায়ন, কালোটাকার মাধ্যমে ছাত্ররাজনীতিকে কলুষিত করছে। এ ক্ষেত্রে ছাত্র ইউনিয়ন গৌরবের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে। আজ কোনো রাজনৈতিক দল সঠিক পথ ও কর্মসূচি দিচ্ছে না। সঠিক পথ ও কর্মসূচি দিতে পারলে তরুণ সমাজ তাদের সঙ্গেই যুক্ত হবে। সেই পথ দেখাতে পারে ছাত্র ইউনিয়ন।