চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পুনর্গঠিত কমিটি অনুমোদন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পুনর্গঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি পদে রাখা হলেও সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে পটিয়ার সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েলকে। বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে।জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার পুনর্গঠিত কমিটি স্বাক্ষর করেছেন। ১৫১ সদস্যের সাংগঠনিক কমিটিতে ১৫ জন সহসভাপতি ও ১২ জন যুগ্ম সম্পাদক রাখা হয়েছে। সহসভাপতি পদে অন্যদের মধ্যে রয়েছেন সৈয়দ শাহাদাত আহমদ, মো. ইদ্রিস মিয়া, আলমগীর কবির চৌধুরী, মহসিন জিল্লুর করিম, শামসুদ্দিন মাহমুদ চৌধুরী। যুগ্ম সম্পাদক আলী আব্বাস, জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, মো. শাহজাহান, মোস্তাক আহমদ খান প্রমুখ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম মামুন মিয়া। কমিটিতে চারজনকে সম্মানিত সদস্য রাখা হয়েছে। এঁরা হলেন এম মোরশেদ খান, সরওয়ার জামাল নিজাম, আহমদ খলিল খান ও কে এম ফেরদৌস। বাকিরা হচ্ছেন সাধারণ সদস্য।