চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভায় হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের পতেঙ্গার বোট ক্লাবে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহজাহান-সমর্থিত যুবদলের নেতা বদরুল খায়ের সভায় বক্তব্যে দক্ষিণ জেলা যুবদলের কমিটির বিষয়ে আলোকপাত করেন। এ সময় জাফরুল-সমর্থিত যুবদলের নেতা ইলিয়াস কাঞ্চন এ ব্যাপারে বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এ নিয়ে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ ও কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তবে সভায় হাতাহাতির ঘটনা অস্বীকার করেছেন সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, দক্ষিণ জেলা যুবদলের দুটি কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে মাত্র। তবে সভা সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে।এদিকে বক্তব্য জানার জন্য গাজী শাহজাহানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়। কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া।