চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে ছিঁচকে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ সাহেদ ও শাহ আলম। বয়স ২২ থেকে ২৫ বছর। প্রায় পাঁচ বছর ধরে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ভাসমান তাঁরা। ছিনতাই ও চুরিই তাঁদের পেশা। গত মার্চে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের সঙ্গেও তাঁরা জড়িত। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবান-বন্দিও দিয়েছেন এই দুই যুবক।
শুধু সাহেদ ও শাহ আলমই নন, এ রকম শতাধিক উঠতি ছিঁচকে সন্ত্রাসী আছে, যারা বন্দরনগর চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসীর নাম পুলিশের খাতায় নেই। ফলে দিনের পর দিন তারা অপরাধ করে চলেছে। পুলিশও রয়ে গেছে অন্ধকারে।
এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের অনেকেই বিদেশে পলাতক বা গা ঢাকা দিয়েছে। এই সুযোগে উঠতি ছিঁচকে সন্ত্রাসীরা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের বেশির ভাগই ভাসমান।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের তালিকায় থাকা শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুনীল দে, হাবিব খান, পাঙ্ক নাছির, এতিম আলম, রাউজানের ইকবাল, আবুল কাশেমসহ অনেকে বিদেশে গা ঢাকা দিয়েছেন। কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন গিয়াস হাজারিকা, ফয়েজ মুন্না, আজরাইল দেলোয়ার, জানে আলম, পাথরঘাটার ইকবাল, বিট্টু নাছির। এ সুযোগে ছোট ছোট দলে ভাগ হয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে ছিঁচকে সন্ত্রাসীরা।
১৪ মার্চ সেপটিক ট্যাংক থেকে কামরুল হাসান (১৮) ও মোহাম্মদ ফোরকান (২০) নামের দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সাহেদ ও শাহ আলম স্বীকারোক্তিমূলক জবান-বন্দিতে জানান, চাঁদা নিয়ে বিরোধের জের ধরে তাঁরা ১০ জন মিলে কামরুল ও ফোরকানকে খুন করেন।
গত ২১ জানুয়ারি আকবর শাহ কৈবল্যধাম এলাকায় নয়ন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ ছিঁচকে সন্ত্রাসীরা। এ ঘটনায় গ্রেপ্তার আসামি জাবেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তা থেকে জানা যায়, গোল পাহাড় এলাকাটি জিম্মি করে রেখেছিলেন মামুন, ইউনুস, হাসান, নয়ন, শিমুল, শহীদুল, কামাল, নুর ইসলাম ও বাইট্টা কামাল। তাঁরা সবাই মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ নিয়ে বিরোধের জের ধরে এলাকায় আধিপত্য ধরে রাখতে পণ্ডিত জসিমের নির্দেশে নয়নকে কুপিয়ে হত্যা করা হয়।
দুই মাস আগে খুলশী ঝাউতলা বাজারে আবদুল আউয়াল নামের এক ব্যক্তি একটি দোকান কেনেন। এরপর গাজী শাহজাহান নামের স্থানীয় এক যুবক তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহানের অনুসারীরা ১২ এপ্রিল রাতে ওই দোকানে হামলা চালায়।
ঝাউতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার হোসেনের অভিযোগ, প্রায়ই ছিঁচকে সন্ত্রাসীরা চাঁদা দাবি ও দোকানপাটে হামলা চালাচ্ছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।
এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ‘শাহজাহান তালিকাভুক্ত সন্ত্রাসী নন। তাঁর রাজনৈতিক কোনো পরিচয়ও আমাদের জানা নেই। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জানান, ছিঁচকে সন্ত্রাসীদের তালিকা করার ক্ষেত্রে পুলিশ কোতোয়ালি স্টেশন রোড, খুলশী ঝাউতলা, টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, মুরাদপুর, আগ্রাবাদ বাদামতলী মোড়, ইপিজেড, বহদ্দারহাট, পাহাড়তলী, বায়েজিদ টেক্সটাইল, অলংকার মোড়, অক্সিজেন ও বালুচরা এলাকাকে প্রাধান্য দিচ্ছে। গোয়েন্দা পুলিশ শিগগিরই নগরের ১৬ থানায় এলাকাভিত্তিক ছিঁচকে সন্ত্রাসীদের তালিকা তৈরির কাজ শুরু করবে। তিনি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে ছিঁচকে সন্ত্রাসীরা।
তবে এ অভিযোগ অস্বীকার করে দলের পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসীকে আশ্রয়ও দিই না, লালনও করি না।’ একই কথা বললেন নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুও।