চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার এবং কক্সবাজারের রামু থেকে মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ আগামী বছরের মার্চ মাসে শুরু হবে। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন। পরে তিনি দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প এলাকা পরিদর্শনে যান।
সাংবাদিকদের রেলপথসচিব বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণকাজ দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে কক্সবাজারের রামু থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে হবে। এ জন্য ১৮ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
সচিব ফিরোজ সালাহউদ্দিন বলেন, ‘কম সময়ের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছি আমরা। এ জন্য আমাদের প্রকল্প এলাকা পরিদর্শনে আসা। আসলে প্রকল্প বাস্তবায়নের প্রধান কাজ হলো ভূমি অধিগ্রহণ। এটি জটিল বিষয়। ভূমি অধিগ্রহণ করতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।’
রেলপথসচিব জানান, রেললাইনের কিছু অংশ সংরক্ষিত বন বিভাগের ভেতর দিয়ে গিয়েছে। প্রকল্প এলাকায় সবচেয়ে বেশি স্পর্শকাতর বিষয় হলো সংরক্ষিত বন এলাকায় হাতি চলাচলের পাঁচটি স্থায়ী এবং ছয়টি মৌসুমি জায়গা রয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত রেললাইনে আন্ডার ও ওভার পাস করে হাতি ও বন্য প্রাণী চলাচলের ব্যবস্থা করা হবে। প্রকল্প শুরুর আগেই ওই এলাকায় ২ লাখ গাছের চারা লাগানো হবে।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ভূমি অধিগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথসচিব। এতে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ মোর্শেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোমিনুর রশিদ আমিন, চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মাসুদ করিম, বিভাগীয় বন কর্মকর্তা এস এম গোলাম মওলা, রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা উপস্থিত ছিলেন।