চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কর্মসূচিগুলো নগর কমিটির অনুমোদন নিয়ে পালনের সিদ্ধান্ত কিছু নেতা মানছেন না বলে অভিযোগ উঠেছে। সংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদন ছাড়া কোনো কর্মসূচি পালন করা যাবে না বলে সিদ্ধান্ত হয়। দু-একজন নেতার বিরুদ্ধে এই সিদ্ধান্ত অমান্যেরও অভিযোগ ওঠে। এটা নগর আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাধারণ সম্পাদকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হিসেবে দেখছেন স্থানীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, ২৮ এপ্রিল দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটে কার্যনির্বাহী কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, নগর কমিটির অনুমোদন ছাড়া কেউ দলের ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালন বা সভা-সমাবেশ করতে পারবে না। সংগঠনে বিশৃঙ্খলা এড়ানো এবং বহুমুখী প্রবণতা নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সেখানে নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনসহ নগর, থানা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
২৮ এপ্রিল কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘২৮ এপ্রিল সিদ্ধান্ত নেওয়ার মাত্র দুই দিন পর ১ মে সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন ইপিজেড মোড়ে নগর আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া সাংসদ এম এ লতিফের সঙ্গে শ্রমিক সমাবেশ করেন। অথচ একই দিন লালদীঘি মাঠে শ্রমিক লীগের ব্যানারে শ্রমিক সমাবেশে ডাকা হয়। ওই শ্রমিক সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরউদ্দিনসহ দলের নেতারা বক্তৃতা করেন। কিন্তু একই দিন ইপিজেড মোড়ের আরেকটি শ্রমিক সমাবেশ সম্পর্কে নগর আওয়ামী লীগের অনুমোদন নেওয়া হয়নি।’
এই নেতা আরও বলেন, ‘ইপিজেডের শ্রমিক সমাবেশে আওয়ামী লীগের একটি অংশ উপস্থিত হয়ে দলের ভেতরে বিভাজনের নতুন বীজ বপন করেছে। এটা কার্যত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরউদ্দিনের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে।’
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সংগঠন ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। নিজেদের মধ্যে ধারাবাহিক যোগাযোগের কারণে নগর আওয়ামী লীগকে আমরা আরও বেশি গণমুখী করে তুলছি, যা আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। দলের সিদ্ধান্তের বাইরে আমরা কেউ কিছু করছি না। ইপিজেড মোড়ের সমাবেশটি দলের ব্যানার ব্যবহার করে হয়নি।’
আ জ ম নাছিরউদ্দিন আরও বলেন, ‘আমি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও অনেকগুলো সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছি। তাই বলে এসব সংগঠনের কর্মসূচিতে কি অংশ নিতে পারব না?’
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘২৮ এপ্রিল কার্যনির্বাহী কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তা সবাইকে মেনে চলতে হবে। কেউ কেউ সিদ্ধান্ত অমান্য করছেন বলে আমরা খবর পাচ্ছি। সিদ্ধান্তের বাইরে কেউ আলাদা সভা-সমাবেশ করলে সংগঠনের কাছে তাঁকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সংগঠন সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। চট্টগ্রাম নগরে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে সব পক্ষের নেতাদের সমম্বয়ে কমিটি গঠন করা হয়। এতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি করা হয়।