চট্টগ্রাম নগর আ.লীগের দুই পক্ষের আবার আলাদা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৬ এপ্রিল চট্টগ্রাম সফরকালে নগরের বিবদমান দুই পক্ষকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছিলেন। দলীয় প্রধানের সেই নির্দেশনার কয়েক দিন যেতে না-যেতেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আজ সোমবার আলাদা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দুই পক্ষ।দলীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার নগরের লালদীঘি মাঠে নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা সমাবেশ ডেকেছেন। অন্যদিকে নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নগর কমিটির যুগ্ম সম্পাদক আফছারুল আমীনের অনুসারীরা দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সমাবেশ ডেকেছেন।মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের ডাকা সমাবেশে দলের দক্ষিণ জেলার সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, উত্তর জেলার সভাপতি মোশাররফ হোসেন এবং সাবেক সাংসদ মো. ইসহাক মিয়া উপস্থিত থাকবেন বলে গত শনিবার স্থানীয় পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচার করা হয়।যোগাযোগ করা হলে আখতারুজ্জামান চৌধুরী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি, সমাবেশে যেতে পারব কি না জানি না।’ মোশাররফ হোসেন বলেন, ‘এখন সংসদ অধিবেশন চলছে, আমাদের ঢাকায় থাকতে হবে।’ তবে মহিউদ্দিনের সমর্থক বলে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাইকে সমাবেশে আসতে বলেছি। কেউ না এলে বুঝতে হবে, তাঁরা নেত্রীর আদেশ অমান্য করেছেন। কারণ, সভানেত্রী সবাইকে একসঙ্গে কাজ করতে বলেছেন।’ নুরুল ইসলাম-আফছারুল আমীনের সমর্থক বলে পরিচিত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘লালদীঘি মাঠে নয়, আমাদের সমাবেশ হবে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে।’