কেন্দ্রের নির্দেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে বিবদমান নেতাদের এক কাতারে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তিনি নিজের বিপক্ষের নেতৃত্বে থাকা মহানগর কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের কাছে প্রতিনিধি পাঠাবেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এ জন্য মহিউদ্দিনের অনুসারী নগর আওয়ামী লীগের নেতাদের অপর পক্ষের নেতাদের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া সভা চলে রাত আটটা পর্যন্ত।বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মন্ত্রী, সাংসদসহ যেসব নেতা আলাদাভাবে দলীয় কর্মকাণ্ড পালন করছেন, তাঁদের কাছে মহিউদ্দিন ভাইয়ের প্রস্তাব নিয়ে নেতারা যাবেন। তবে কারা যাবেন, সেটি এখনো ঠিক হয়নি। এটা করা গেলে সম্মেলনের আগে বড় আকারে একটি বর্ধিত সভা করা হবে।’দলীয় সূত্র জানায়, ঐক্যবদ্ধভাবে সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়ে কেন্দ্র থেকে পাঠানো চিঠি গত বুধবার নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে পৌঁছে। এরপর বর্ধিত সভা আহ্বান করা হয়। এ ছাড়া গতকালের বৈঠকে আগামী ১০ জানুয়ারির মধ্যে ইউনিট সম্মেলন, ৩১ জানুয়ারির মধ্যে ওয়ার্ড সম্মেলন, ৩০ এপ্রিলের মধ্যে থানা সম্মেলন এবং ৩১ জুলাইয়ের মধ্যে মহানগরের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনের পর থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। প্রথমদিকে নগর আওয়ামী লীগ ত ৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির সমর্থকেরা দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েন। বিগত সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিনের পরাজয়ের পর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম মিলে আরেকটি পক্ষ গড়ে তোলেন। পরে ওই পক্ষে যোগ দেন নুরুল ইসলাম বিএসসি।