চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন জুলাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলন সামনে রেখে নগরের পাঁচটি ওয়ার্ড কমিটির সম্মেলনের দিনও নির্ধারণ করা হয়েছে। নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বর্ধিত সভায় জুলাইয়ের প্রথম সপ্তাহে সম্মেলন অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদককে জানানো হবে।’ গতকালের বর্ধিত সভায় মন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে ঢাকায় থাকায় সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুও অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘সম্মেলন ১ মার্চ হওয়ার কথা ছিল। কিন্তু তখন রাজনৈতিক পরিস্থিতির কারণে হয়নি। দুই সাংসদ আগে থেকেই এটা জানেন। আশা করি, নতুন সময় নির্ধারণের বিষয়ে তাঁরা দ্বিমত করবেন না।’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। তিনি বর্ধিত সভায় বলেন, ‘নগরের চারটি আসন ধরে রাখতে হলে ঐক্যের বিকল্প নেই।’ সভায় ঢাকার সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।