চট্টগ্রাম নগর ও বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ৩৩টি ঘর পুড়ে ছাই
চট্টগ্রাম নগর ও বোয়ালখালীতে চারটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার ও গত রোববার গভীর রাতে এ অগ্নিদুর্ঘটনাগুলো ঘটেছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চারটি অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
এ ছাড়া পাহাড়তলী থানাধীন নাজিরবিল এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি এসে আগুন নেভায়।
বোয়ালখালী উপজেলার খিতাবচর উপজেলায় গত রোববার রাত আড়াইটার দিকে আগুন লাগে। রান্নার চুলা থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ায় ২০টি বসতঘর পুড়ে যায়। পটিয়া ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রায় একই সময়ে চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়ায় আরেকটি অগ্নিদুর্ঘটনায় পাঁচটি বসতঘর পুড়ে গেছে। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড হয়।