শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন এসআই উজ্জ্বল কান্তি দাশ ও এএসআই আনিসুর রহমান। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে দুই কর্মকর্তা কী ধরনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত ছিলেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
গোয়েন্দা (ডিবি) পুলিশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ওই দুই কর্মকর্তা অস্ত্র বিক্রির ফাঁদ পেতে টাকা আদায় করতে গিয়ে র্যা বের কাছে ধরা পড়েন। গত বৃহস্পতিবার রাতে নগরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ডিবির এসআই উজ্জ্বল কান্তি দাশ কোনো মন্তব্য করতে রাজি হননি। এএসআই আনিসুর রহমান দাবি করেন, অস্ত্র উদ্ধার করতে সেদিন নিউমার্কেট যান তিনি।
একাধিক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ১২টি গুলিসহ একটি ৯ এমএম পিস্তল উদ্ধারের জন্য ফাঁদ পাতে র্যা ব-৭-এর একটি দল। ক্রেতা সেজে র্যা ব তিন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। ১ লাখ ২০ হাজার টাকায় অস্ত্রটি কেনার বিষয়ে দুপক্ষে বনিবনা হয়। কথা অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে নিউমার্কেট এলাকায় যায় র্যা বের ওই দলটি। মার্কেটের পাশের একটি রেস্টুরেন্টে অস্ত্রটি তুলে দেওয়ার কথা জানান বিক্রেতারা। রেস্টুরেন্টে আগে থেকে সাদাপোশাকে অবস্থান নেন র্যা ব সদস্যরা। পরে অস্ত্র বিক্রেতাদের পক্ষ থেকে কামরুল ও দিদার নামের দুই ব্যক্তি সেখানে হাজির হন।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, রাত ১০টার দিকে নিজেকে তপন কান্তি দে পরিচয় দেওয়া এক ব্যক্তি রেস্টুরেন্টে ঢোকেন। তিনি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি বের করে ক্রেতাদের (ছদ্মবেশে থাকা র্যা ব সদস্যরা) দেখান। ক্রেতারা ১ লাখ ২০ হাজার টাকা তপনের হাতে তুলে দিয়ে অস্ত্র বুঝে নেন। কিছুক্ষণ পর নিজেদের পরিচয় প্রকাশ করেন র্যা ব সদস্যরা। তখন সেখানে দুই ব্যক্তি হাজির হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। তাঁরা তপনকে ছেড়ে দিতে বলেন। দুজনের একজন প্রথমে নিজের (এসআই উজ্জ্বল) পরিচয় দেন। তিনি র্যা বকে বলেন, অস্ত্রটি এএসআই আনিসুরের নামে ইস্যু করা। তাঁরা সোর্সের মাধ্যমে অস্ত্র বিক্রেতা সেজে ক্রেতার টাকা হাতিয়ে নেন।
র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘কিছু একটা হয়েছে।’ এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।