সুইমিংপুলের প্রাচীর ক্ষতিগ্রস্তের মামলা
চট্টগ্রাম নগর ছাত্রলীগ সভাপতিসহ ২০ জনের জামিন মঞ্জুর
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সুইমিংপুলের প্রাচীর ক্ষতিগ্রস্ত করা ও কাজে বাধার অভিযোগ করা মামলায় নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদসহ ২০ ছাত্রলীগ নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ১৮ এপ্রিল বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় আউটার স্টেডিয়ামে সুইমিংপুলের নির্মাণকাজ বন্ধ রাখার দাবিতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের মানববন্ধন কর্মসূচি ছিল। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এতে অন্তত ২৫ জন আহত হন। নির্মাণাধীন সুইমিংপুল প্রকল্পের কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আজিমসহ ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে সুইমিংপুলের প্রাচীর ক্ষতিগ্রস্ত করা ও কাজে বাধার অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ঘটনার পর দুই মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ৫৯ জনের বিরুদ্ধে করা মামলার ২০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, সহসভাপতি নাজমুল হাসান, সৌমেন বড়ুয়া, যুগ্ম সম্পাদক সুজন বর্মণসহ ২০ আসামি আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন।