চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনির বিরুদ্ধে পুলিশের করা অস্ত্র মামলার বিচার শুরু হয়েছে। গতকাল সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগাম জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। আদালত আগামী ১০ নভেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
আইনজীবীরা বলেন, অস্ত্র, গুলিসহ গ্রেপ্তারের মামলায় অভিযোগ প্রমাণিত হলে ছাত্রলীগ নেতা নুরুল আজিমের সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড হতে পারে। এই মামলায় বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন তিনি। ২০১৬ সালের ৭ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি, ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ নুরুল আজিমকে আটক করে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচনী আইনে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে পৃথক মামলা করে। গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হলে গত বছরের ৮ মে থেকে টানা প্রায় এক সপ্তাহ ছাত্রলীগের নেতা-কর্মীরা নুরুল আজিমের মুক্তির দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর গত বছরের ৩০ জুন কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে কারাগারে থাকা অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।
আসামির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, অভিযোগ গঠন না করতে গতকাল তাঁরা আবেদন করেন। কিন্তু আদালত আবেদনটি গ্রহণ করেননি। সরকারি কৌঁসুলি রুবেল পাল বলেন, এই মামলার একমাত্র আসামি নুরুল আজিম। ১০ নভেম্বর থেকে এই আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে করা অস্ত্র মামলায় তদন্ত শেষে গত বছরের ১৯ জুন চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে ২১ জনকে সাক্ষী রাখা হয়। সাক্ষীদের মধ্যে পুলিশ, সাধারণ লোক, বিজিবির সদস্যদের পাশাপাশি একজন বিচারিক হাকিমও রয়েছেন।