চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জামিন
চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম (রনি) হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।
গতকাল সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নুরুল আজিমকে অস্ত্র মামলায় এই জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন আদালত।
গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউপিতে ভোট গ্রহণকালে একটি কেন্দ্রের কাছ থেকে অস্ত্র-গুলিসহ নুরুল আজিমকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ। এ ছাড়া জাল ভোট দেওয়া ও ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে নুরুল আজিমকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের সাজার বিরুদ্ধে এর আগে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আপিল করে এবং জামিন পান নুরুল।