
নির্বাচনী আইন ভাঙার দায়ে দুই বছর সাজা হওয়া চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোয়া তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতা-কর্মীরা। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন।
গত শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোট গ্রহণের সময় নুরুল আজিমকে আটক করে বিজিবি। ইউনিয়নের চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্র, গুলি, ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিলসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাচনী বিধিমালার পৃথক দুটি ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হারুন-অর রশিদ।
এ ছাড়া হাটহাজারী থানার এসআই রবিউল হক অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। গতকাল নুরুল আজিমকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ছাত্রলীগের নেতা নুরুল আজিমের মুক্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের দারুল ফজল দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের দুই শতাধিক নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি বেলা ১১টায় আদালত ভবন এলাকা প্রদক্ষিণ করে। এরপর চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা নুরুল আজিমের মুক্তির দাবিতে স্লোগান দেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয় থেকে বের হয়ে অবস্থান ধর্মঘট পালন করা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে, তাই আইন অনুসরণ করে জামিনের আবেদন করতে হবে।
ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল আজিমকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। কর্মসূচিতে উপস্থিত থাকা ওমরগনি এম ই এস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বলেন, ৩৪ বছর পর গত বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে জামায়াত-শিবিরমুক্ত করেছেন নুরুল আজিম। সে কারণে তাঁকে হাটহাজারীতে নিয়ে ফাঁসানো হয়েছে। কারা ফাঁসিয়েছে, প্রথম আলোর এই প্রশ্নে তিনি বলেন, ‘কিছুদিন পর আমরা তাদের নাম-ধাম প্রকাশ করব।’
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রথম আলোকে জানান, নুরুল আজিমকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখাতে গতকাল আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
অস্ত্র আইনের মামলার বাদী ও হাটহাজারী থানার উপপরিদর্শক রবিউল হক প্রথম আলোকে বলেন, চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আটক হওয়ার পর নুরুল আজিমের কাছে পাওয়া মালামালের একটি জব্দ তালিকা তৈরি করা হয়। তাঁর কাছে বিদেশে তৈরি একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, নগদ ২৬ হাজার টাকা ও ব্যালট পেপারে ব্যবহৃত একটি সিল পাওয়া গেছে।