চট্টগ্রাম নগর ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ
নাড়ির টানে আপন গন্তব্যে ছুটতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রাম রেলস্টেশন ও বাস টার্মিনালে উপচে পড়া মানুষের ভিড় দেখা গেছে।এবার ঈদুল আজহা ও দুর্গা পূজা কাছাকাছি সময়ের ব্যবধানে উদ্যাপন হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন আরও দুই-তিন দিন আগে শহর ছেড়েছে। কার্যত গতকাল দুপুর থেকেই শহর ছাড়তে শুরু করেছে মুসলমান সম্প্রদায়ের লোকজন। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ আগের দিন সোমবার থেকে ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন শুরু করেছে।এবার চট্টগ্রাম রেল স্টেশনের তুলনায় বাস টার্মিনালে চাপ বেশি দেখা গেছে। কেউ কেউ আবার ট্রাকে চড়ে গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে।চট্টগ্রাম স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলির যাত্রী লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুর্গা পূজা ও ঈদের ছুটির আগে বৃহস্পতিবার অফিস খোলা। ওই এক দিনের ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে করে নিজ বাড়িতে যাচ্ছি। তবে এবার রেলস্টেশনে যাত্রীদের চাপ কম বলে মনে হচ্ছে।’প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে রেলভাড়া ৭০ থেকে ১১২ শতাংশ বেড়েছে। এ কারণে অনেক যাত্রী ট্রেনের পরিবর্তে বাস ভ্রমণকে গুরুত্ব দিচ্ছেন বলে জানা গেছে।