চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের ফোন চুরি, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেমের মুঠোফোন চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত সোমবার সন্ধ্যায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার নগরের হালিশহরে জেলা পুলিশ লাইন জামে মসজিদে জুমার নামাজ আদায়ের সময় পুলিশ কমিশনারের মুঠোফোন খোয়া যায়।পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন আবদুল খালেক (৩৩), মো. সেলিম মিয়া (৩৫) ও মিন্টু কুমার দেব (৩১)। মিন্টু প্রথম দুজনের কাছ থেকে কমিশনারের মুঠোফোন কিনে নেন। তাঁদের মধ্যে খালেকের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, সেলিমের কুমিল্লার মুরাদনগরে এবং মিন্টুর চট্টগ্রামের বোয়ালখালীতে।পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে হালিশহরের পুলিশ লাইন মসজিদে জুমার নামাজ পড়ছিলেন পুলিশ কমিশনার আবুল কাশেম। মসজিদ থেকে তাঁর মুঠোফোন চুরি করেন আবদুল খালেক। তিনি দেন সেলিমকে। সেলিম তা সাড়ে চার হাজার টাকায় মিন্টুর কাছে বিক্রি করেন। পুলিশ অভিযান চালিয়ে তাঁর সেটসহ তিনটি চোরাই সেট উদ্ধার করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ দাশ বলেন, ‘কমিশনারের মুঠোফোন চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে গোয়েন্দা শাখার সহকারী কমিশনারের সঙ্গে আমি কাজ করেছি। পরে কৌশল করে আমরা তিনজনকে গ্রেপ্তার করি।’ পুলিশ জানায়, খালেক ও সেলিম নগর ও জেলার বিভিন্ন মসজিদ থেকে দীর্ঘদিন ধরে মুঠোফোন চুরি করে আসছিলেন। সোমবার তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি হাটহাজারীর জানাজা এবং অন্যটি হাটহাজারীর ফতেয়াবাদের একটি মসজিদের মুসল্লির কাছ থেকে চুরি করা হয়। সেলিম জানান, ‘প্রতি শুক্রবার আমরা মুঠোফোন চুরির অভিযানে নামি। প্রতি সপ্তাহে দুটি বা তিনটি করে চুরি করতে সক্ষম হই।’