চট্টগ্রাম নগর পুলিশ সদস্যদের বেতন স্মার্ট কার্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচ হাজার সদস্যের বেতন ডাচ্-বাংলা ব্যাংকের স্মার্ট কার্ডের মাধ্যমে প্রদান করা হচ্ছে। বাড়তি মাশুল ছাড়াই ব্যাংক এ সেবা দিচ্ছে।
গতকাল শনিবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। মহানগর পুলিশ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মন্ডল। বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ।
এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম চৌধুরী, সিডিএ অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক বোরহান উদ্দীন চৌধুরী, আগ্রাবাদ শাখার উপব্যবস্থাপক মনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, পুলিশ সদস্যদের বেতন তুলতে অনেক বিড়ম্বনা ছিল। এখন কোনো ঝামেলা ছাড়াই কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত পাঁচ হাজার পুলিশ সদস্য স্মার্ট কার্ডের মাধ্যমে বেতন তুলতে পারছেন।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, চট্টগ্রামের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের ৩০ হাজার সদস্যের বেতন স্মার্ট কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। কোনো বাড়তি মাশুল ছাড়াই এ সুবিধা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।