চট্টগ্রাম নগর পুলিশে কাজের স্বীকৃতি, ২৫ কর্মকর্তা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্বপালনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ের ২৫ জন কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়েছে। গত রোববার নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অপরাধবিষয়ক মাসিক সভায় তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। ১৯৭৮ সালে চট্টগ্রাম মহানগর পুলিশ প্রতিষ্ঠার পর মাঠপর্যায়ের কর্মকর্তাদের এবারই প্রথম এ ধরনের পুরস্কার দেওয়া হলো। পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ দাশ, মোহাম্মদ মহসীন ও বাকলিয়া থানার মোহাম্মদ মাইনুদ্দিন জুলাই ও আগস্টে সেরাদের সেরা কর্মকর্তা নির্বাচিত হন। আর সর্বোচ্চ সাতটি পুরস্কার পান গোয়েন্দা পুলিশের এসআই আলমগীর হোসেন। পুরস্কার হিসেবে প্রত্যেক কর্মকর্তাকে নগদ টাকা ও সনদ দেওয়া হয়। পুরস্কার পাওয়া অন্য কর্মকর্তারা গোয়েন্দা শাখা, বিভিন্ন থানা ও ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তার, অপরাধীদের শনাক্ত এবং সূত্রবিহীন মামলার ঘটনা উদ্ঘাটনসহ বিভিন্ন কাজের জন্য পুলিশ কর্মকর্তাদের এই পুরস্কার দেওয়া হয়। নগর পুলিশ গত ১ জুলাই থেকে মাঠপর্যায়ের প্রত্যেক পুলিশ কর্মকর্তার জন্য ১০০ নম্বরের মান নির্ধারণ করেছে। নগরের ১২টি থানার মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া একজন কর্মকর্তা সেরা নির্বাচিত হবেন। পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ভালো কাজের মূল্যায়ন হলে অপরাধী গ্রেপ্তারের হার বাড়বে এবং মামলার তদন্ত দ্রুত শেষ হবে। এতে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা বাড়বে। এতে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।’ সভায় অতিরিক্ত কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, উপকমিশনার (সদর) ময়নুল ইসলাম, উপকমিশনার (উত্তর) বনজ কুমার চৌধুরী, উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ, উপকমিশনার (দাঙ্গা দমন) আমেনা বেগমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।