চট্টগ্রাম নগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন পুলিশ কমিশনার মো. আবুল কাশেম গতকাল শনিবার বিদায়ী কমিশনার মো. মনিরুজ্জমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ রোববার দুপুরে তিনি নগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে পরিদর্শক থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডেকেছেন। বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে।দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালাবেন।পুলিশ সূত্র জানায়, আগের পুলিশ কমিশনারের বিদায় এবং নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পুলিশ প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার রাতে দামপাড়া পুলিশ লাইনের মেট্রোপলিটন শুটিং কমপ্লেক্সে এক অনুষ্ঠান ও ভোজসভার আয়োজন করা হয়। এতে ঢাকা নগর পুলিশের কমিশনার এ কে এম শহিদুল হক, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আসাদুজ্জমান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা যোগ দেন।মনিরুজ্জমান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ২০০৫ সালে তিনি সিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।সম্প্রতি চট্টগ্রামে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা ও নাশকতার আগাম গোয়েন্দা তথ্য পাওয়ার পরও মনিরুজ্জমান নিজে ছুটিতে যান এবং একই সময় তাঁর অধীনস্থ চার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ছুটি মঞ্জুর করেন। ওই সময় জামায়াত-শিবির নগরের হালিশহর ও বড়পুল এলাকায় আকস্মিক মিছিল বের করে একসঙ্গে ৫০-৬০টি যানবাহন ও কিছু দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় মনিরুজ্জমান পুলিশ প্রশাসনে ব্যাপক সমালোচিত হন। এর এক দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে মনিরুজ্জমানের বদলির আদেশ জারি করা হয়।