চট্টগ্রাম নগর বিএনপির দুই নেতার বাসায় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বাসায় গতকাল বুধবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ।
অভিযানের সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বিমানে চড়ে ঢাকায় যান।
সূত্র জানায়, সন্ধ্যার দিকে পুলিশ আমীর খসরুর নগরের মেহেদীবাগের বাসা ঘেরাও করে। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ বাসায় প্রবেশ করে। আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে পুলিশ কিছু না পেয়ে ফিরে যায়।
প্রায় একই সময়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ওয়ার সিমেট্রি-সংলগ্ন বাসায় এবং পাঁচলাইশে তাঁর চেম্বারে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় তিনি বাসা কিংবা চেম্বারে ছিলেন না।
আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে নয়টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়। আধা ঘণ্টা ধরে স্যারের (আমীর খসরু) বাসা এবং তাঁর চার ভাই আবদুর রাজ্জাক মাহমুদ চৌধুরী, আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী ও শাহনেওয়াজ মাহমুদ চৌধুরীর বাসায় তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। তবে এ সময় পুলিশ খারাপ আচরণ করেনি। রাত ১০টার দিকে পুলিশ চলে যায়।’
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘দুই প্লাটুন পুলিশ অভিযানে অংশ নেয়। ওপরের নির্দেশে আমরা সেখানে গিয়েছি। কাউকে আমরা না পেয়ে চলে এসেছি।’
আমীর খসরু ও শাহাদাৎ হোসেন গতকাল চট্টগ্রামের কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।