চট্টগ্রাম নগর বিএনপির নেতা দস্তগীর চৌধুরীর ইন্তেকাল
চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক ডেপুটি মেয়র মুক্তিযোদ্ধা দস্তগীর চৌধুরী (৫৭) গতকাল রোববার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ঢাকার সেগুনবাগিচার বাসায় ভোররাতে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে এ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।দস্তগীর চৌধুরীর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আজ সোমবার বাদ জোহর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দস্তগীর চৌধুরীর দ্বিতীয় দফা জানাজা শেষে কদমতলী পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। এর আগে বিকেল তিনটায় চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে তাঁর মরদেহ রাখা হবে। তাঁর প্রথম জানাজা গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপি দস্তগীরের মৃত্যুতে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ ও খতমে কোরআন। গতকাল বাদ আসর দলীয় কার্যালয়ের কাছে জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দস্তগীর চৌধুরী ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ছিলেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। ১৯৯৭ সালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হন। টানা সাত বছর তিনি এ দায়িত্ব পালন করেন। এক-এগারোর পর চট্টগ্রামের প্রথম রাজনীতিবিদ হিসেবে গ্রেপ্তার হন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন ক্রীড়া সংগঠক। তিনি চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সাবেক সহসভাপতি।