চট্টগ্রাম নগর বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ হাজির সাকা চৌধুরী
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। পূর্ব ঘোষণা ছাড়াই মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীও অংশ নেন।জানা গেছে, মিছিল শুরুর আগে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে দলের নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমও যোগ দেন। মিছিলে তাঁরা নেতৃত্ব দেন। মিছিলে দলের বিপুলসংখ্যক মহিলা নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে।মিছিলটি নগরের শহীদ মিনার এলাকা হয়ে আন্দরকিল্লা মোড়ে পৌঁছে বিকেল পাঁচটার দিকে। এ সময় সিটি করপোরেশনের সামনে আমীর খসরু সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন। আমীর খসরু বলেন, ‘দেশে আজ আইনের শাসন ও গণতন্ত্র গৃহবন্দী। মানুষের বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার খর্ব করা হচ্ছে। মানুষকে সরকারের এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।দলীয় সূত্র জানায়, নাসিমন ভবন থেকে মিছিল শুরু হলে দলের স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী সমর্থকদের নিয়ে মিছিলের পেছনে যোগ দেন। তাঁর সমর্থকেরা আলাদা স্লোগান দিতে থাকেন। পরে সাকা চৌধুরী আন্দরকিল্লা মোড়ে এসে আলাদা সমাপনী বক্তব্যও দেন। অথচ একই স্থানে এর কিছুক্ষণ আগে নগর বিএনপির সভাপতি বক্তব্য দিয়ে কর্মসূচির সমাপনী ঘোষণা করেন।দলীয় সূত্র জানায়, নগর বিএনপির এ ধরনের সভা-সমাবেশে আগে কখনো সাকা চৌধুরী যোগ দেননি। এবারও তিনি আসবেন, এমনটি কেউ আশা করেনি।জানা যায়, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল থেকে দলীয় নেতা-কর্মীরা নগরের নাসিমন ভবনের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় আমীর খসরু, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম, রোজী কবির, নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শামসুল আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দস্তগীর চৌধুরী।