চট্টগ্রাম নগর ভবন ভেঙে ফেলা হচ্ছে
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় অবস্থিত ছয়তলা নগর ভবন ভেঙে ফেলা হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে এখানে নতুন করে ২০ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হবে।এ জন্য সিটি করপোরেশনের সব কার্যক্রম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ষষ্ঠ তলায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আন্দরকিল্লা থেকে আগ্রাবাদের দূরত্ব প্রায় সাত কিলোমিটার।সিটি করপোরেশন সূত্র জানায়, নতুনভাবে নগর ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। সিটি করপোরেশনের নিজস্ব তহবিল ও বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) থেকেও এ জন্য অর্থ পাওয়া যাবে বলে করপোরেশনের কর্মকর্তারা জানান।জানা গেছে, নগর ভবনের দুটি অংশের মধ্যে একাংশ শত বছরের পুরোনো। বর্তমানে অবশিষ্ট যে ছয়তলা ভবন রয়েছে, সেটি নির্মাণ করা হয় ১৯৮০ সালে। এর মধ্যে ২০০৯ সালে পুরোনো অংশটি ভেঙে ফেলা হয়। কিন্তু মাত্র ৩০ বছরের মধ্যে ভবনটির বিভিন্ন তলায় ফাটল দেখা দেয়। এর নকশায়ও দেখা দেয় নানা ত্রুটি। তা ছাড়া শহরের আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে এখানে নতুন নতুন বিভাগ খোলা হয়। ফলে প্রশাসনিক কাজের জন্য জায়গাও অপ্রতুল হয়ে পড়ে। জানা গেছে, ২০১০ সালের ১১ মার্চ সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আন্দরকিল্লায় সিটি করপোরেশনের বর্তমান কার্যালয়ের সামনেই নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ভবনের দক্ষিণ অংশে পাইলিংয়ের কাজও শুরু হয়। ওই বছরের ১৭ জুন সিটি করপোরেশনের নির্বাচনে নতুন মেয়র হন মোহাম্মদ মন্জুর আলম। মেয়র পদে রদবদল আসার পর নির্মাণকাজও বন্ধ হয়ে যায়।নগর ভবনের নির্মাণকাজের ঠিকাদার মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, নতুন প্রশাসন ভবন নির্মাণের কার্যাদেশ সঠিক ছিল কি না, তা যাচাই-বাছাই করতে এক বছরেরও বেশি সময় নেয়। তারা পুরো প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা পায়নি। মোহাম্মদ ম্জুর আলম প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের ষষ্ঠ তলায় ২৮ হাজার বর্গফুট জায়গা রয়েছে। সেখান থেকে নগর ভবনের কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন ভবনের ছয়তলার নির্মাণকাজ শেষ করা হবে।