চট্টগ্রাম নগর মহিলা আ.লীগের সম্মেলন, হইচই-হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন কিছু কর্মী।
এদিকে সম্মেলনে কণ্ঠভোটে হাসিনা মহিউদ্দিন সভানেত্রী ও আঞ্জুমান আরা চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়। সম্মেলনে হাসিনা মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত নগর মহিলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তার কিছু অনুসারী কাউন্সিলরের কার্ড না পেয়ে সম্মেলনস্থলের বাইরে হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু করেন। তবে পুলিশের তৎপরতার কারণে পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি।
সম্মেলনকে ‘একপেশে’ ও ‘বিতর্কিত’ হিসেবে বর্ণনা করে তপতী সেনগুপ্তা প্রথম আলোকে বলেন, ‘আমাদের সম্মেলনস্থলে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ বিনা কারণে আমাদের ওপর চড়াও হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশে এলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’
এর আগে ১৯৯৮ সালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সময় নীলুফার কায়সারকে সভানেত্রী ও তপতী সেনগুপ্তাকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিলুফার কায়সার অসুস্থ হয়ে গেলে সভানেত্রীর দায়িত্ব পান হাসিনা মহিউদ্দিন।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম রানু নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে বলেন, ‘আমাদের সম্মেলনস্থলে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। ওরা কমিটি করেছে। আমরাও পাল্টা কমিটি ঘোষণা দেব।’
তপতী সেনগুপ্তার বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন কমিটির এক নম্বর যুগ্ম সম্পাদিকা নিলু নাগ প্রথম আলোকে বলেন, ‘আগের কমিটির সবার জন্য কাউন্সিলর কার্ড ইস্যু করা হয়। কিন্তু তপতীসহ পাঁচজন কার্ড না নিয়ে সম্মেলনস্থলের বাইরে হইচই করে ঝামেলা পাকানোর চেষ্টা করেন। তাঁরা অহেতুক চেঁচামেচি করেন। কিন্তু আমাদের সম্মেলনে এর কোনো প্রভাব পড়েনি।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা। তিনি সম্মেলনে বলেন, বাইরে বিশৃঙ্খলা না করে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, তা সবাইকে দলের স্বার্থে মেনে চলতে হবে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, কাউন্সিলর কার্ড ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর কারও ওপর চড়াও হওয়ার অভিযোগ সঠিক নয়। বরং কিছু নারী নেত্রী ও কর্মী সম্মেলনস্থলের বাইরে স্লোগান দিয়েছেন এবং পুলিশের দিকে তেড়ে এসেছেন। পুলিশ কেবল তাঁদের নিবৃত্ত করেছে।