চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী ও সম্পাদককে কারণ দর্শানের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ নোটিশ পাঠানো হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাহাদাৎ হোসেন। তবে শাহাদাৎ হোসেনের নোটিশ দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে মনোয়ারা বেগম বলেন, ‘আমি মহিলা দলের নগর শাখার সভানেত্রী। নগর বিএনপির সভাপতির সই ছাড়া কীভাবে তিনি (শাহাদাৎ হোসেন) কারণ দর্শানোর নোটিশ দেন।’ এ বিষয়ে শাহাদাৎ হোসেন বলেন, ‘ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম। নগর সভাপতি আমীর খসরু মাহমুদ উপস্থিত ছিলেন না। তাই আমি সই দিয়ে নোটিশ দিয়েছি। তিনি (আমীর খসরু) এ বিষয়ে অবগত আছেন। কিন্তু নেতা-কর্মীদের মিছিলে যেতে নিষেধ করা দলের শৃঙ্খলা পরিপন্থী।’