চট্টগ্রাম নগরকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধীদের চিহ্নিত করতে চট্টগ্রাম নগরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার কাজ শুরু করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরের বাকলিয়া থানার বউবাজার সুবর্ণ আবাসিক এলাকায় সিসি ক্যামেরা বসানোর মাধ্যমে এ প্রক্রিয়ার সূচনা হয়।
নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল ক্যামেরা বসানোর কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, নগরের ১৬টি থানা এলাকাকে পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পুরো নগর ক্যামেরার আওতায় এলে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ থাকবে না।
তিনি বাড়ির আঙিনায় সিসি ক্যামেরা স্থাপনের জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ভাড়াটে যদি দেখেন মালিক বাড়ির সামনে ক্যামেরা লাগিয়েছেন, তাহলে তিনি সন্তুষ্ট হবেন। এতে বাড়ির মালিক যদি এক হাজার টাকা ভাড়া বেশিও চান, ভাড়াটে তা দিতে কাপর্ণ্য করবেন না। ভাড়াটে যদি নিরাপদ বোধ করেন, তাঁর ভাড়া বেশি দিতে আপত্তি থাকার কথা নয়।’
আবদুল জলিল মণ্ডল আরও বলেন, ‘ভাড়াটের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে রাখুন। তাঁর নাম-ঠিকানা লিখে নিজের হেফাজতে রাখুন। কোনো অপরাধী যদি বাসায় অপরাধ করে এবং সেই ভাড়াটে সম্পর্কে যদি কোনো তথ্য না থাকে, তাহলে আমরা বাড়ির মালিককে ছাড়ব না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) কামরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।