চট্টগ্রাম নগরবাসী শব্দদূষণে অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, যত্রতত্র মাইক বাজানো এবং নির্মাণকাজের শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে চট্টগ্রাম নগরবাসী। শব্দদূষণের প্রভাবে বৃদ্ধ ও শিশুদের হৃদ্রোগ ও শ্রুতিহীনতার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। নগরের ২০টি স্থানে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় দেখা গেছে, শব্দদূষণ সহনীয় মাত্রা অতিক্রম করেছে।
যানবাহনের হর্ন, সভা-সমাবেশের মাইক, কনসার্ট, যত্রতত্র কারণে-অকারণে মাইকিং, কাচ কাটার শব্দ, নির্মাণকাজজনিত শব্দে এই দূষণ বাড়ছে। এ-সংক্রান্ত আইন থাকলেও তা কেউ মানছে না। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হয় না বললেই চলে।
জানা গেছে, নগরের বিভিন্ন স্থানকে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকা নামে ভাগ করে শব্দদূষণ পরীক্ষা করা হয়। এর মধ্যে নীরব এলাকা হিসেবে ধরা হয় হাসপাতাল, স্কুল, কলেজ ও আবাসিক এলাকাকে। এসব এলাকায় শব্দের সহনীয় মাত্রা হচ্ছে দিনে ৫০ ডেসিবেল ও রাতে ৪০ ডেসিবেল।
কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেটে শব্দদূষণের মাত্রা ছিল ৭৭ ডেসিবেল। একইভাবে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে পাওয়া গেছে ৭৭ দশমিক ১ ডেসিবেল।
চেরাগিপাহাড় সেন্টার পয়েন্ট হাসপাতালের সামনে ৭৭ দশমিক ১ ডেসিবেল, পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে ৭৭ ডেসিবেল, গোলপাহাড় রয়েল হাসপাতালের সামনে ৭৮ ডেসিবেল মাত্রা পাওয়া যায়। গত জানুয়ারি মাসে এসব পরীক্ষা করা হয়।
শব্দদূষণের কথা স্বীকার করে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ মো. জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শব্দদূষণ ভয়াবহ আকারে বাড়ছে। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা পরীক্ষার পাশাপাশি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছি।’
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের সহনীয় মান দিনের বেলায় ৫০ ডেসিবেল, মিশ্র এলাকায় (আবাসিক, শিল্প ও বাণিজ্য) ৬০ ডেসিবেল ও শিল্প এলাকায় ৭৫ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে।
কিন্তু পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, খুলশী আবাসিক এলাকার সিএনজি স্টেশনের সামনে ৮১ দশমিক ৫ ডেসিবেল, নাসিরাবাদ শিল্প এলাকায় ৮০ দশমিক ৩ ডেসিবেল, সিডিএ অ্যাভেনিউতে ৮১ দশমিক ২ ডেসিবেল, বাদামতলী মোড়ে ৮০ দশমিক ৫ ডেসিবেল, নগরের বহদ্দারহাটে ৮১ ডেসিবেল পাওয়া যায়।
শব্দদূষণের ক্ষতিকর দিক প্রসঙ্গে হৃদ্রোগ বিশেষজ্ঞ বিপ্লব ভট্টাচার্য জানান, উচ্চমাত্রার শব্দে দীর্ঘক্ষণ থাকলে শ্রবণশক্তি কমে যেতে পারে। এ ছাড়া অধিক শব্দ হৃৎস্পন্দন বাড়িয়ে দিতে পারে। এতে হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, নগরের বিভিন্ন হাসপাতাল ও স্কুল-কলেজের পাশে জোরে হর্ন বাজানো এবং মাইক বাজানো নিষেধ-সংবলিত সাইনবোর্ড টাঙানো আছে। কিন্তু তা কেউ মানছে না। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে বহুতল ভবন নির্মাণের সময় নির্মাণযন্ত্রের শব্দ মাত্রা ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তা ছাড়া পরিবেশ আইন অনুযায়ী যানবাহনে হাইড্রোলিক হর্ন লাগানো নিষেধ হলেও এখনো ট্রাক, বাসে এসব হর্নের ব্যবহার রয়ে গেছে। এই আইনের যথাযথ ব্যবহার নেই বলে অভিযোগ।