চট্টগ্রাম নগরবাসীর মুক্তি নেই জলাবদ্ধতা থেকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতা নিরসন প্রাধান্য পেলেও নগরবাসী এর থেকে মুক্তি পাচ্ছে না। দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে জলাবদ্ধতা নিরসনের রুটিন কাজে সিটি করপোরেশন অন্তত ২০ কোটি ব্যয় করেছে। নতুন করে আরও ১২ কোটি টাকা ব্যয়ে দুটি খালের সঙ্গে ডোমখাল সংযুক্তকরণের কাজ চলছে। রুটিন কাজে তেমন ফল মেলেনি। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে নগর।

সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘পাহাড়ি ঢল, জোয়ারের পানি, অপর্যাপ্ত খাল ও নালা এ জন্য দায়ী। সমস্যা সমাধানে আমরা রুটিন কাজের পাশাপাশি মাস্টার ড্রেনেজ প্রকল্পের অংশ হিসেবে বহদ্দারহাট থেকে কর্ণফুলী পর্যন্ত ২ দশমিক ৭৩ ফুট দীর্ঘ ও ৬৫ ফুট প্রশস্ত খাল খননের প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছি।’

নতুন এই খাল খননে ২৯৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এই টাকা চলতি অর্থবছরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে জলাবদ্ধতা থেকে আগামী দুই বছরে মুক্তি মিলছে, এমন নিশ্চয়তা দিতে পারছে না করপোরেশন। কারণ, বরাদ্দ হওয়ার পর দরপত্র, কাজ বিতরণ এবং কার্যকাল মিলিয়ে দুই বছর পার হয়ে যাবে।

এ প্রসঙ্গে নগর পরিকল্পনাবিদ ফোরাম ফর চিটাগংয়ের সদস্য প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, ‘১৯৯৫ সালের মহাপরিকল্পনায় তিনটি খাল খননের কথা ছিল। এই খালই কেবল যথেষ্ট নয়। জলাবদ্ধতা নিরসনের জন্য আরও অনেক কিছু পরিকল্পনায় বলা আছে। এখন মানুষ বেড়েছে, খাল দখল বেড়েছে। তাই জলাবদ্ধতা নিরসন সহজেই হচ্ছে না, সেটা বলা যায়।’

প্রসঙ্গত, ২০১০ সালের ১৭ জুন বিএনপি-সমর্থিত মনজুর আলম আওয়ামী লীগের এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র হন। তাঁর নির্বাচনী ইশতেহারে জলাবদ্ধতা নিরসন প্রাধান্য পেয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল অর্থবছরে (২০১২-১৩) করপোরেশন জলাবদ্ধতা নিরসনের রুটিন কাজে প্রায় চার কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় হয়েছে স্কেভেটর দিয়ে খাল থেকে মাটি ও আবর্জনা সরানোর কাজে। কিন্তু নগরের চাক্তাই খাল ও মহেশ খালের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, স্থানে স্থানে পলি ও ময়লা-আবর্জনা জমে স্তূপ হয়ে রয়েছে। এ ছাড়া খালের কোনো কোনো অংশ সংকুচিত হয়ে পড়েছে।

কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী সুদেব বসাক বলেন, প্রায় সাড়ে তিন কোটি টাকা স্কেভেটর বাবদ ব্যয় হয়েছে। পাহাড়ি এলাকা হওয়ায় পরিষ্কার করে আসার পরপরই বৃষ্টির সঙ্গে নতুন করে পলি জমে যায়। এ ছাড়া খালের প্রশস্ততা আগের চেয়ে কমে গেছে।

সরেজমিনে দেখা গেছে, মহেশ খালে বাঁশ রেখে ব্যবসা করছে একশ্রেণীর ব্যবসায়ী। এ ছাড়া মহেশ খাল ও চাক্তাই খালের স্থানে স্থানে স্থাপনা তুলে দখল করা হয়েছে। চকবাজার ও দেওয়ানবাজার এলাকায় ময়লা-আবর্জনা ফেলায় খালের পানি চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।

চন্দনপুরা এলাকার বাসিন্দা মো. আকরাম জানান, পরিচ্ছন্নতা কর্মীরা খাল থেকে মাটি তুলে তা পাড়ে কিংবা রাস্তায় রাখে। বৃষ্টিতে তা আবার গিয়ে খালে পড়ে।

জানা গেছে, সিটি নির্বাচনের পর প্রথম দুই বছর জলাবদ্ধতার রুটিন কাজে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকার মতো। এসব টাকায় নিয়মিত কাজ করা হয়। কিন্তু তাতে জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘আমরা গেল তিন বছরে কিছু রুটিন কাজ করেছি। খাল সংযুক্তকরণের দুটি কাজ এখন চলছে। অর্থ পেলে নতুন খাল খননের কাজও হবে।’

দীর্ঘমেয়াদি কাজে হাত দেওয়া হয় চলতি বছরে। এর মধ্যে বহদ্দারহাটে মির্জার খালের সঙ্গে ডোমখালের এবং চশমা খালের সঙ্গে ডোমখালের সংযুক্তিকরণের কাজে হাত দেওয়া হয় কিছুদিন আগে। শেষ হতে আরও চার পাঁচ মাস সময় লাগবে বলে করপোরেশন সূত্রে জানা গেছে। এই দুটি সংযোগকরণের কাজে ব্যয় হচ্ছে ১২ কোটি টাকা। এ ছাড়া আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে মহেশ খালে একটি স্লুইস গেট নির্মাণকাজ চলছে বলেও মেয়র জানান।

১৫টি স্লুইস গেট এবং বহদ্দারহাট থেকে চাক্তাই খালের পাড় ঘেঁষে একটি সড়ক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেয়র মনজুর আলম বলেন, এসব কাজ হলে আগামী বছর থেকে জলাবদ্ধতা কিছুটা কমবে। পাশাপাশি খাল দখল রোধ করা যাবে।