চট্টগ্রাম নগরে আবার চলবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ শুক্রবার থেকে আবারও ব্যাটারিচালিত রিকশা চলার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশন।
সমিতির সভাপতি সালামত আলীর করা রিট পিটিশন পুনর্বিবেচনা করে হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ছয় মাসের জন্য মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলার আদেশ জারি করেছেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা চলার এ ঘোষণা দেওয়া হয়। এ সময় হাইকোর্টের আদেশের কপিটি সংবাদকর্মীদের দেখানো হয়।
গত ৩ জুলাই উচ্চ আদালত বিভিন্ন ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতির করা রিট খারিজ করে দেন। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ হয়ে যায়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলী বলেন, ‘হঠাৎ করে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হওয়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে তিন লাখ নগরবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলন, সংগ্রাম এবং প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও এ ব্যাপারে কোনো সমাধান না হওয়ায় আমরা অপারগ হয়ে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছি। আদালত আমাদের মানবিক আবেদন, যুক্তিতর্ক শুনে ছয় মাস আমাদের সংগঠনের রিকশা চলাচলে বাধা সৃষ্টি না করতে সিটি মেয়র, জেলা প্রশাসক, সিএমপি কমিশনার ও ডিসি ট্রাফিককে নির্দেশ দিয়েছেন।’
সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত রিকশা চলাচলে প্রশাসনের সহযোগিতা চেয়ে সালামত আলী বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন অথবা বিআরটিএ একটি নীতিমালার মাধ্যমে রিকশাগুলো স্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করুক। এ ক্ষেত্রে রিকশা তৈরির কাঠামো পরিবর্তনেও আমরা প্রস্তুত আছি।’
নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের একটি আদেশের কপি আমরা পেয়েছি। এটি যাচাই করে দেখছি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে।’
হাইকোর্টের আরেকটি বেঞ্চের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ চালক-মালিকেরা ৭ সেপ্টেম্বর চালক-মালিক সমিতির পক্ষ থেকে নগরের সিটি গেট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।