চট্টগ্রাম নগরে কসাইখানায় স্থায়ী পশু চিকিৎসক নেই!
চট্টগ্রাম নগরের তিনটি কসাইখানায় পশু জবাই কার্যক্রম তদারকির জন্য কোনো স্থায়ী চিকিৎসক নেই। একজন মাত্র অস্থায়ী পশু চিকিৎসক দিয়ে চলছে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম। তাঁকে সহযোগিতা করার জন্য আছেন দুজন পরিদর্শক। ফলে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। এতে রোগাক্রান্ত পশু জবাইয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।
চট্টগ্রাম নগরের ৬০ লাখ নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত মাংসের চাহিদা পূরণে কসাইখানা ও পশু চিকিৎসকের সংখ্যা একেবারেই অপ্রতুল বলে মন্তব্য করেছেন খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরা। তাঁরা জানান, এই সুযোগে নগরের অনেক জায়গায় বেআইনিভাবে রোগাক্রান্ত পশু জবাই করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঢাকা দুই সিটি করপোরেশনে পশু চিকিৎসকের আটটি পদ থাকলেও চট্টগ্রামে আছে মাত্র দুটি। তা-ও অস্থায়ী। এর মধ্যে একটি পদ খালি। করপোরেশনের একমাত্র পশু চিকিৎসক আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের এত বড় এলাকা। একজনের পক্ষে পুরো কার্যক্রম তদারক করা কোনোভাবে সম্ভব হয় না। তাই পরিদর্শকদের সঙ্গে ভাগাভাগি করে পশু জবাই কার্যক্রম তদারকি করি।’
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক পরিতোষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যঝুঁকি এড়াতে গরু-ছাগল ও মহিষের মাংস হাটবাজারে বিক্রি করার আগে নিবন্ধিত পশু চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো প্রয়োজন। না হলে মানুষের মধ্যে অ্যানথ্রাক্সসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়াতে পারে। এই ব্যাধি অনেক সময় প্রাণঘাতী হতে পারে।’
করপোরেশনের মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম বলেন, ‘নগরের অনেক হাটবাজারে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যসম্মত নয়। এ ছাড়া এসব সুস্বাস্থ্যহীন পশু বেআইনিভাবে জবাই করা হয়।’
কসাইখানার অপ্রতুলতার বিষয়টি স্বীকার করে করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক জানান, নগরের পতেঙ্গা ও মোহরা এলাকায় আরও দুটি পশু জবাইয়ের কসাইখানা করার পরিকল্পনা রয়েছে। কিন্তু জায়গার অভাবে তা সম্ভব হচ্ছে না।