চট্টগ্রাম নগরে আবার ছয় মাস চলাচলের অনুমতি পেল ব্যাটারিচালিত রিকশা। গতকাল বুধবার এ-সংক্রান্ত হাইকোর্টের একটি বেঞ্চের আদেশ হাতে পাওয়ার কথা জানিয়েছেন মহানগর পুলিশ কর্মকর্তারা।
চট্টগ্রাম মহানগর ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ফেডারেশনের সভাপতি সালামত আলী হাইকোর্টের ওই আদেশ যানবাহন শাখায় দাখিল করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সালামত আলী হাইকোর্টের একটি আদেশের কপি আমাদের যানবাহন শাখায় দাখিল করেন। তাতে চট্টগ্রাম নগরে আবার ছয় মাস ব্যাটারিচালিত রিকশা চালানোর আদেশের কথা রয়েছে। তবে আমরা সরকারিভাবে কিছুই পাইনি।’ হাইকোর্টের আরেকটি বেঞ্চের আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট থেকে নগরে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বিকল্প ব্যবস্থা না করে প্রায় অর্ধলাখ ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এ কারণে ব্যাটারিচালিত রিকশার হাজার হাজার চালক বেকার হয়ে পড়েন।
ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ চালক-মালিকেরাই রাস্তায় নেমে পড়েন এবং ৬ সেপ্টেম্বর চালক-মালিক সমিতির পক্ষ থেকে নগরের সিটিগেট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
গত ৩ জুলাই উচ্চ আদালত বিভিন্ন ব্যাটারি রিকশা মালিক সমিতির করা রিট খারিজ করে দেন। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ হয়ে যায়।