চট্টগ্রাম নগরে ছয়টি বিলবোর্ড অপসারণ
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বিলবোর্ড অপসারণ করেছেন। রিটার্নিং কর্মকর্তার চিঠির পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এই অভিযান চালায়।
গতকাল বুধবার সকালে এই অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
অভিযানে এম এ আজিজ স্টেডিয়ামের পাশের এলাকা কাজীর দেউড়ি মোড় থেকে চারটি ও পুরোনো বিমান অফিসের মোড় থেকে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। দুটি ক্রেন দিয়ে এসব বিলবোর্ড অপসারণ করা হয়। এ ছাড়া গত মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে দুটি বিলবোর্ড সরিয়ে নেয় এর মালিক প্রতিষ্ঠান।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে স্টেডিয়াম এলাকার আশপাশ থেকে বিলবোর্ড অপসারণ ও ফুটপাত সংস্কারসহ বিভিন্ন ব্যবস্থা নিতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেন। গত মঙ্গলবার এ চিঠি দেওয়া হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, এম এ আজিজ স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে বিলবোর্ড উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়। এর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে কাজীর দেউড়ি ও পুরোনো বিমান অফিস মোড় পর্যন্ত বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।