চট্টগ্রাম নগরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম থমকে আছে। প্রায় ১০ মাস ধরে এসব ভবন উচ্ছেদে কোনো উদ্যোগ নেয়নি চট্টগ্রাম সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের সম্পত্তি (এস্টেট) বিভাগ ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ করার জন্য আমাকে কোনো ফাইল জমা দেয়নি। এখন আমার কাছে ভবন উচ্ছেদের কোনো ফাইল অপেক্ষমাণ নেই।’
গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এরপর নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন। কিন্তু কিছুদিনের মধ্যে এ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর আগে মাত্র তিনটি ভবন উচ্ছেদ করেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ উচ্ছেদ অভিযান চালানো হয় গত বছরের ৩০ সেপ্টেম্বর।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়া ভবনগুলো অবশ্যই অপসারণ করতে হবে। ভবনধসে প্রাণহানি ও সম্পদহানি হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য মালিকপক্ষকেই উদ্যোগ নিতে হবে। যদি তারা তা না করে, তাহলে আইন প্রয়োগের মাধ্যমে এসব ভবন অপসারণ করতে হবে।’
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কমিটির সদস্যসচিব আহমদুল হক বলেন, ‘ভবন উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরে ফাইল জমা দেওয়া আছে। তিনি (ম্যাজিস্ট্রেট) ওগুলো অপসারণ করতে পারেন।’
অভিযান বন্ধ থাকার সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও আহমদুল হক বলেন, ‘রমজানের মাস চলছে। এখনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়নি। ঈদের পর অভিযান শুরু হবে।’
করপোরেশন সূত্র জানায়, নগরের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিডিএ ইতিমধ্যে ৬৪টি ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের জন্য করপোরেশনকে চিঠি দিয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ইমারত নিয়ন্ত্রণ উপধারা ১৭.১ অনুসারে এসব ভবন উচ্ছেদের দায়িত্ব করপোরেশনের।
সিডিএর করা ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় আবাসিক ভবন রয়েছে ৩৫টি, আবাসিক কাম বাণিজ্যিক ভবন ১২টি, বাণিজ্যিক ভবন রয়েছে ১০টি। এসব ভবনের অধিকাংশই ৯০ বছরের পুরোনো।
এসব ভবন অপসারণে স্থবিরতার জন্য মালিকপক্ষের নেতিবাচক ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনগুলো উচ্ছেদের জন্য মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা উল্টো অপসারণ কার্যক্রম স্থগিত রাখতে আদালতে মামলা করেছেন।’
জানা গেছে, নগরের সদরঘাট এলাকায় বড়ুয়া ভবন ও চন্দনপুরার পেশকার ভবন অপসারণ করার প্রক্রিয়া শুরু হলেও পরে আদালতের নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বরে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আটটি ভবন অপসারণ করার জন্য মালিকপক্ষকে নোটিশ দিয়েছিলেন।