চট্টগ্রাম নগরে ঝুঁকিপূর্ণভাবে যানবাহনে গ্যাস প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের টাইগারপাস এলাকায় বাস–মিনিবাস সড়কের ওপর দাঁড় করিয়ে পাশের সিএনজি স্টেশন থেকে সিলিন্ডার গ্যাস দেওয়া হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে তোলা l প্রথম আলো
নগরের টাইগারপাস এলাকায় বাস–মিনিবাস সড়কের ওপর দাঁড় করিয়ে পাশের সিএনজি স্টেশন থেকে সিলিন্ডার গ্যাস দেওয়া হচ্ছে। ছবিটি সোমবার দুপুরে তোলা l প্রথম আলো

লম্বা পাইপ দিয়ে রাস্তায় দাঁড়ানো বাস আর মিনিবাসে গ্যাস ভরে দিচ্ছে একটি সিএনজি ফিলিং স্টেশন। চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে ইন্ট্রাকো সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে এভাবে গ্যাস দেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রক্রিয়ায় গ্যাস প্রদান ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, ইন্ট্রাকো সিএনজি স্টেশনের ভেতরে একটি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার, রাইডারসহ অন্য বেশ কিছু গাড়ি গ্যাস নিচ্ছে। ইন্ট্রাকো স্টেশনটির চারদিকে লোহার গ্রিল দেওয়া।
গতকাল বেলা সাড়ে ১১টায় দেখা যায়, গ্রিলের বাইরে সামনের সড়কে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে বাস, মিনিবাস ও রাইডার। ভেতরের ডিসপেনসর থেকে লম্বা পাইপ টেনে এনে ওখানে দাঁড়ানো গাড়িগুলোতে সিএনজি গ্যাস ভরে দিচ্ছিলেন ফিলিং স্টেশনের মো. আজাদ নামের এক কর্মী।
জানতে চাইলে মো. আজাদ জানান, তাঁরা প্রতিদিন এভাবেই বাইরে গ্যাস দিয়ে থাকেন। ভেতরে ঢোকানোর ঝামেলা এড়াতে তাড়াতাড়ি হওয়ার জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয় বলে তিনি জানান। একই সময়ে ভেতরেও বিআরটিসি বাস ও মিনিবাসেও গ্যাস দিতে দেখা যায়।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপমহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেন বলেন, ‘কোনোভাবে সীমানাপ্রাচীরের বাইরে কেউ গ্যাস দিতে পারে না। ভেতর থেকে লম্বা পাইপ দিয়ে রাস্তায় গ্যাস দেওয়াটা ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাস্তায় গ্যাস দিতে গেলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। এ বিষয়ে বিস্ফোরক দপ্তরের পরিদর্শক মো. তোফাজ্জেল বলেন, গ্যাস দেওয়ার কতগুলো পদ্ধতি ও নিয়ম রয়েছে। রাস্তায় কেউ গ্যাস দিতে পারবে না। এটা উচিত নয়। এটি তাদের নীতিমালার লঙ্ঘন। এ পদ্ধতিতে গ্যাস দেওয়া ঝুঁকিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ইন্ট্রাকো ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। অনেক দিন ধরে এভাবে গ্যাস দিলেও তাতে কোনো সমস্যা হয়নি বলে তাঁদের দাবি।
অভিযোগ প্রসঙ্গে ইন্ট্রাকোর ব্যবস্থাপক মো. রমিজ উদ্দিন বলেন, ‘আমরা প্রতিদিন এভাবে গ্যাস দিচ্ছি। এটি নিরাপদ ব্যবস্থা। এতে ঝুঁকির কিছু দেখি না।’